এটা একটি চোরা বদ অভ্যাস। নিজের অজান্তেই হয়। পিতা-মাতা স্বীয় সন্তানকে যদি সচেতন না করে, তাহলে এটা বদ-অভ্যাসে পরিণতি হতে পারে। আচ্ছা যদি পিতা-মাতাই এই খাসিয়তে অভ্যস্ত হয় তাহলে কেমন হয়? নাকের ভিতরে হাত অসুন্দর শিষ্টাচার
অনেক শিক্ষিত মানুষদেরও শিষ্টাচারের ঘাটতি আছে। দেশের এক বড় অফিসে গিয়েছিলাম। আয়না দিয়ে দেখলাম ভিতরের সুশোভিত বিরাট কক্ষে, এক কর্মকর্তা ইয়াং একজনের ইন্টারভিয়্যু নিচ্ছিলেন। তিনি খুশী মনে প্রশ্ন করে যাচ্ছেন, আর বারে বারে নাকে আঙ্গুল ঢুকিয়ে কিছু একটা তল্লাশি করছেন! ক্যারাম বোর্ডের গুটিতে স্ট্রাইক করার মত করে নিজের আঙ্গুলকে আনমনে শূন্যে ছুড়ছেন। শীতাতপ কক্ষের এত সুন্দর অফিস, সুদৃশ্য করিডোর, সুন্দর ফার্নিচারের এই দামী অফিসটাকে একজন কর্মকর্তা এভাবে নোংরা-বাজে বানিয়ে ফেলেছে! ভাবতেই শিউড়ে উঠলাম। ঠিক সেই মুহূর্তে অফিসের বয়স্ক অফিস-বয়টি, নিজের নাকের ভিতরে লুকানো সর্বশেষ লোমটি ঝটকা মেরে ছিঁড়ে, বীরের বেশে সামনে এসে প্রশ্ন করেন, স্যার! কফি না চা খাবেন?
ইলন মাস্কের ছোট ছেলে পিতার সাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের অফিসে গিয়েছিল। সে এখানে সেখানে হাঁটতে লাগল। এটা ওটা দেখল। এক পর্যায়ে নাকে আঙ্গুল ঢুকিয়ে, সেই হাত খানা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে রাখে! ধনকুবেরের ছেলে হলেও, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে শিশুটির এই কাণ্ড বিলকুল পছন্দ হয়নি। ফলে প্রেসিডেন্ট ট্রাম্প তার অফিসে রক্ষিত ঐতিহাসিক ডেক্সটি বদলাতে নির্দেশ দেন। অথচ এই ডেক্সটি প্রেসিডেন্ট ডব্লিউ বুশ থেকে এই পর্যন্ত সকল প্রেসিডেন্ট ব্যবহার করে আসছিলেন।
শিষ্টাচার মানব জীবনের সৌন্দর্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। শিষ্টাচারের অপর নাম চরিত্র। অন্য দশজন মানুষ শিষ্টাচার দেখেই কারো চরিত্র মাপে। অনেকেই হয়ত মুখ খুলে দোষটি বলে দেয় না কিন্তু গোপনে দূরত্ব বজায় রাখে। সামনে দেখা হলে আন্তরিকতার সাথে কথা বলে কিন্তু তাদের ঘরোয়া অনুষ্ঠানে দাওয়াত দেয়না। এগুলো কারণ একটাই হয়ত পিতা-মাতার শিষ্টাচার সুন্দর নয়; অথবা সন্তানের দোষ তার পিতা-মাতা দেখে না।