মুয়ায ইবনে যাবালের প্রতি রাসুল (সাঃ) এর একটি গুরুত্বপূর্ন চিঠি
মুয়ায ইবনে যাবাল (রাঃ) কে ইয়েমেনের গভর্নর বানিয়ে পাঠানো হয়েছিল, ইতিমধ্যে তাঁর প্রিয়তম সন্তান মারা যায়। তাঁকে সান্ত্বনা দিয়ে রাসুল (সাঃ) একটি চিঠি দিয়েছিলেন। এই চিঠির বিষয়বস্তু, উপদেশ ও সমবেদনা প্রকাশের ধরন দেখলে চিন্তাশীল মানুষের মনকে নাড়া দেবে।
“আল্লাহর রাসুল মোহাম্মাদ মু্স্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে মুয়ায ইবনে জাবাল (রাঃ) এর প্রতি। তোমার উপর শান্তি বর্ষিত হোক।
আমি আল্লাহর প্রশংসা করছি যিনি ব্যতীত কোন মাবুদ নাই। আম্মা বাদ। আল্লাহ তোমাকে বড় প্রতিদান দান করুন এবং ধৈর্য ধরার তাওফিক দিন। আমাদের কে এবং তোমাকে কৃতজ্ঞতা আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন।
নিশ্চয়ই আমাদের জীবন, আমাদের সম্পদ এবং আমাদের সন্তান-সন্ততি মহান আল্লাহর উত্তম দান এবং ধার গ্রহণ করা আমানত স্বরূপ। যার থেকে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফায়দা লুটছি এবং তিনি নির্ধারিত সময়ে আবার তা কব্জা করে নিচ্ছেন। তাই আমাদের উপর তাঁর দানের শুকরিয়া আদায় করা ওয়াজিব এবং তিনি যখন আমাদের পরীক্ষায় ফেলেন তখনও ধৈর্য ধারণ করা ওয়াজিব।
তোমার পুত্র মহান আল্লাহর দান এবং তোমার নিকট ধার দেওয়া আমানত ছিল। আল্লাহ তাকে তোমার জন্য লোভনীয় এবং সুখ ও উল্লাসের কারণ বানিয়েছিলেন। তিনিই তাকে তোমার থেকে এক বড় প্রতিদানের বদলে নিয়ে নিয়েছেন। এখন তুমি যদি ধৈর্য ধর তবে রহমত, বরকত ও হেদায়েত লাভ করবে। তোমার অধৈর্য যেন তোমার প্রতিদানকে নষ্ট করে তোমাকেই লজ্জিত না করে।
আর খুব স্মরণ রেখ! অধৈর্যের মাধ্যমে কিছুই অর্জিত হয় না এবং আগত পেরেশানিও তাতে দূর হয় না। তাই ধৈর্য ধারণ কর। কারণ আল্লাহ তা’য়ালা নিশ্চয়ই নেককার লোকদের প্রতিদান নষ্ট করেন না”। বোখারী, আবু দাউদ

Discussion about this post