উম্মুল মুমিনিন হাফসা (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

উম্মুল মুমিনিন হাফসা বিনতে ওমর (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

উম্মুল মুমিনিন হাফসা (রাঃ) পরিচয়

উম্মুল মোমেনীন হাফসা (রাঃ) ছিলেন, ওমর (রাঃ) কন্যা। তাঁর মাতার নাম জয়নব ইবনে মউন। বিশ্বনবী (সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম) নবুয়ত লাভ করার পাঁচ বছর পূর্বে, হাফসা (রাঃ) মক্কায় জন্মগ্রহণ করেন। হাফসার প্রথম বিয়ে হয়েছিল খানায়েস ইবনে হুযায়ফা (রাঃ) সাথে।

তারা স্বামী এবং স্ত্রী মক্কাতেই ইসলাম গ্রহণ করেছিলেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁরা উভয়েই ইথিওপিয়ায় হিজরত করেন। সেখান থেকে পরে মদীনায় আসেন। বদরের যুদ্ধে হাফসা (রাঃ) স্বামী মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং সেই আঘাত নিয়েই তিনি শাহাদাতবরণ করেন।

হাফসা (রাঃ) এর সাথে রাসুল (সাঃ) এর বিয়ে

ওমর (রাঃ) হাফসাকে দ্বিতীয় বিয়ে দেবার জন্য পাত্রের সন্ধান করছিলেন। ওসমান (রাঃ) এবং আবু বকর (রাঃ) কাছেও হাফসার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। ওসমান (রাঃ) বিবেচনা করবেন বললেও আবু বকর (রাঃ) নীরব ছিলেন।

অতঃপর ওমর (রাঃ) হাফসার (রাঃ) বিয়ে সম্পর্কে রাসুলুল্লাহ (সাঃ) কাছে বলছিলেন। এতে করে নবী (সাঃ) স্বয়ং নিজে বিয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এমন অপ্রত্যাশিত সংবাদে নিরাশ ওমর (রাঃ) যেন জান্নাত হাতে পেলেন।

নবী (সাঃ) ওমর (রাঃ) মনের ব্যথা অনুভব করেছিলেন। এ কারণেই রাসুল (সাঃ) তার মেয়ে হাফসা (রাঃ) বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এতে করে ওমর (রাঃ) যেমন খুশী হয়েছিলেন, তেমনি একজন শহীদ সাহাবীর বিধবা স্ত্রীর দুঃখ মোচনও হয়েছিল।

অধিকন্তু সাহাবাদের পরস্পরের মাঝে সম্পর্কও ঘনিষ্ঠ হয়েছিল। আবু বকর (রাঃ) ওমর (রাঃ) কে এই বিয়ের পরে বলেছিলেন, “আপনি যেদিন আমাকে আপনার মেয়ের বিয়ের কথা বলেছিলেন, সেদিন আমার নীরবতা আপনাকে ব্যথিত করেছিল।

সেদিন আমি কেন নীরব ছিলাম এখন শোনেন। রাসুল (সাঃ) একদিন নিজেই আপনার মেয়ে হাফসার কথা বলছিলেন। আমি সেদিন ধারণা করেছিলাম তিনি হয়ত নিজেই হাফসাকে বিয়ে করবেন। তাই আমি অপেক্ষা করছিলাম। যদি রাসুল (সাঃ) হাফসাকে বিয়ে না করতেন তাহলে আমিই তাঁকে বিয়ে করতাম।

হাফসা (রাঃ) এর ব্যক্তিত্ব ও চরিত্র

হাফসা (রাঃ) এর দেহে ওমর (রাঃ) এর রক্ত প্রবাহিত ছিল। এ কারণে তাঁর মেজাজ ছিল কিছুটা কঠিন এবং তিনি ছিলেন বাক-স্বাধীনতা প্রিয়। হক কথা বলতে হাফসা (রাঃ) কাউকেই ছাড়তেন না। ওমর (রাঃ) স্ত্রী কোন এক ঘটনা উপলক্ষে স্বামীকে জানালেন, আপনি আমার কোন কথা গ্রহণ করেন না অথচ আপনার মেয়ে রাসুল (সাঃ) মুখে মুখে কথা বলে!

তাঁর মেয়ে হাফসা রাসুলের মুখে মুখে কথা বলে? একথায় ওমর (রাঃ) চমকে উঠলেন! তিনি ছুটে গেলেন হাফসার কাছে। জানতে চাইলেন ঘটনা সত্য কিনা। হাফসা তাঁকে বিনয়ের সহিত জানাল যে, মাঝে মাঝে সে রাসুলের (সাঃ) মুখে মুখে কথা বলে থাকে।

তিনি হাফসাকে সাবধান করলেন, আর কোনদিন যেন এমন না হয়। আরেক দিন তিনি হাফসা (রাঃ) ঘরে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই হাফসা (রাঃ) রাসুল (সাঃ) এর সাথে বিতর্ক করতে থাকলেন। পিতা ওমর (রাঃ) হাফসার এমন বেয়াদবি সহ্য করতে না পেরে, তেড়ে মারতে গেলেন। নবী (সাঃ) দ্রুত পিতা ও কন্যার মাঝখানে অবস্থান করে দাঁড়ালেন।

ওমর (রাঃ) চলে যাবার পরে তিনি তাঁর স্ত্রী হযরত হাফসা (রাঃ) কে বললেন, “দেখলে তো, আজ আমি তোমাকে তোমার পিতার হাত থেকে কেমন কিভাবে বাচিয়ে দিলাম!”

নবী (সাঃ) নিজেও উম্মুল মুমিনিন হাফসা (রাঃ) গরম মেজাজ উপভোগ করতেন। তিনি কোনদিন সামান্যতম বিরক্তি প্রকাশ করেন নি। হাফসা (রাঃ) এর শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহর নবী। আবার হাফসা (রাঃ) নিজেও, বহু সাহাবীদের কাছে রাসুল (সাঃ) হাদিস বর্ণনা করেছেন। তিনি অতিমাত্রায় নফল ইবাদত করতেন।

হাফসা (রাঃ) এর তিরোধান

আমিরে মুয়াবিয়া (রাঃ) শাসনকালে, নফল রোজা রাখা অবস্থায় ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। মসজিদে নবুবীর অদূরে, জান্নাতুল বাকীতে উম্মুল মুমিনিন হাফসা (রাঃ) কে সমাহিত করা হয়েছে।

মিশরীয় গন্থকার মাহবুব মুজাচ্ছাম আল হোদয়াবী কর্তৃক রচিত বিশ্বনবী থেকে সংকলিত