জন্ম তারিখ ১২ রবিউল আউয়াল নিয়ে ঐতিহাসিকদের মতভেদ

১২ই রবিউল আউয়াল জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের মতভেদ

রবিউল আউয়াল মাসে বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেছেন এ বিষয়ে দুনিয়ার অধিকাংশ গবেষক এবং ঐতিহাসিকগণ এ বিষয়ে একমত। সুরা ফিলে বর্ণিত আবরাহার বাহিনী কা’বা ধ্বংস করতে এসে শোচনীয় ভাবে পরাজয় ও নিশ্চিহ্ন হয়েছিল মহরম মাসে। সে দিনটিও ছিল সোমবার এতেও কারো মতানৈক্য নেই।

মুসলিম শরীফের একটা হাদিসে বর্ণনা করা হয়েছে, একজনের প্রশ্নের উত্তরে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তিনি আগমন করেছেন রবিউল আউয়াল মাসের সোমবারে।

বিশ্বনবীর জন্ম তারিখ সম্পর্কে মিশরের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা একটা গ্রন্থ রচনা করেছেন। সে গ্রন্থে তিনি নানা ধরনের তত্ত্ব উপস্থাপন করে প্রমাণ করেছেন যে, বিশ্বনবীর জন্ম হয়েছিল ৫৭১ খৃষ্টান্ডের ২০ শে এপ্রিল মোতাবেক ৯ই রবিউল আউয়াল রোজ সোমবার।

রবিউল আউয়াল মাস এবং সোমবার নিয়ে কারো মতভেদ নেই। মতভেদ হলো তারিখ নিয়ে। ইবনে শায়বা হযরত জাবের রাদিয়াল্লাহ তা’য়ালা আনহু ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তা’য়ালা আনহু এর বর্ণনা উল্লেখ করে বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন। ইবনে ইসহাকসহ অধিকাংশ চিন্তাবিদদের এটাই সর্বসম্মত মত।

ইমাম সুহাইলী তাঁর রওউল উনফ নামক গ্রন্থে ২০ শে এপ্রিল উল্লেখ করলেও কোন সন তা উল্লেখ করেননি। কেউ বলেছেন, ৫৭১ খৃষ্টাব্দের ২৩ শে এপ্রিল।

কসিন ডি পারসিভাল তাঁর আরবের ইতিহাস নামক গ্রন্থে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খৃষ্টাব্দের ২০ শে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন।

প্রফেসর হিটি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭১ খৃষ্টাব্দ বা এর কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বলেছেন, তাঁর জন্ম সন হলো ৫৬৯ খৃষ্টাব্দ। তবে সাধারণে প্রচলিত তারিখ হলো ১২ ই রবিউল আউয়াল।

বিখ্যাত ঐতিহাসিক গুলিয়াম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্ম তারিখ সম্পর্কে লিখেছেন, ‘The apostle was born on Monday, 12th Rabi’ul-awal, in the year of the elephant. Al-Muttalib b. Abdullah who had it from his grandfather Qays b. Makhrama said, ‘I and the apostle were born at the same time in the year of the elephant. (The Life Muhammad, A Gulliaume, P-69)

এ সম্পর্কে আল্লামা হিফজুর রহমান (রাহ) তাঁর কাছাজুল কোরআনে লিখেছেন, কোন কোন আলেম ৮ই রবিউল আউয়াল বললেও প্রকৃত তারিখ হলো ৯ই রবিউল আউয়াল।

বিখ্যাত ইসলামী চিন্তাবিদগণের মধ্যে যারা ৯ তারিখের পক্ষে তাদের মধ্যে রয়েছেন, হোমাইদী, শাইখ আল্লামা বদরুদ্দীন আইনী, ইমাম ইবনে তাইমিয়াহ, ইমাম ইবনে হাজম, ইমাম ইবনে ক্লাইয়েম, ইমাম আবুল খাত্তাব ইবনে দেহইয়া, আকীল, ইউনুস ইবনে ইয়াযীদ, মুহাম্মদ ইবনে মুছা খাওয়ারায়যী, ইবনে আবদুল্লাহ, ইবনে কাসীর, হাফিজ ইবনে হাজার আসকালানী ইত্যাদি উচ্চ পর্যায়ের ইসলামী চিন্তাবিদ। মিশরের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এই সমস্ত আলেমদের মতামতের অনুকূলেই গবেষণা করে রায় দিয়েছেন।

তিনি জ্যোতিষ বিজ্ঞান অনুসারে নক্ষত্র সূচী এই লক্ষ্যেই প্রস্তুত করেছিলেন যে, বিশ্বনবীর যুগ থেকে তাঁর যুগ সময়কাল পর্যন্ত সূর্য ও চন্দ্র গ্রহণের দিন তারিখ ও সময় জেনে নেন। তারপর এসব বিষয়ের ওপর গবেষণা করে প্রমাণ করেছেন যে, বিশ্বনবীর জন্ম তারিখ ছিল ৯ই রবিউল আউয়াল সোমবার।

এই তারিখের মতভেদ প্রকৃত মতভেদ নয়, কেননা ইংরেজী বা অন্য কোন মাসের সাথে চন্দ্র মাস ও তারিখের হিসাব অত্যন্ত জটিল। তাছাড়া ২৮ বা ২৯ ও ৩০ দিনের হিসাবের ওপরে এসবের ভিত্তি স্থাপিত। অতএব এ সম্পর্কে বিভিন্ন তারিখ উল্লেখ করে যেসব হাদিস বর্ণনা করা হয়েছে, এসব হাদিসের ওপর সন্দেহ করার কোন যৌক্তিক কারণ নেই।

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্ম তারিখ সম্পর্কে হাফিজ গোলাম সরওয়ার তাঁর বিখ্যাত গ্রন্থ Muhammad The Holy Prophet গ্রন্থে বলেছেন, খ্রিস্টীয় পঞ্জিকার তারিখে দুটি হিসাব চালু ছিল, একটির হিসাব মতে মুহাম্মদ (সাঃ) জন্মতারিখ ২২শে এপ্রিল, ৫৭১ খ্রিস্টাব্দ; অন্যটির হিসাব মতে জন্মতারিখ হল ২৯শে আগস্ট, ৫৭০ খ্রিস্টাব্দ

তিনটি বিষয়ে সমস্ত ঐতিহাসিক এবং ইসলামী চিন্তাবিদগণ একমত যে,

(১) বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন আবরাহার হস্তী বাহিনীর আক্রমণের বছরে অর্থাৎ আরবীতে যাকে বলা হয় আ’মুল ফীল।

(২) বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবারে জন্মগ্রহণ করেছেন।

(৩) বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সুবহে সাদিকের সময়ে জন্মগ্রহণ করেন।

এ সম্পর্কে প্রসিদ্ধ আলেমদের মতামতের বিষয়ে ইবনে কাসীর বর্ণনা করেছেন, প্রসিদ্ধ আলেমদের মতে এই কথাটি বিখ্যাত যে, আ’মুল ফীল অর্থাৎ হস্তী বাহিনীর আক্রমণের বছরটিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্মের বছর।

ইব্রাহীম ইবনে মুনযির বলেন, এ ব্যাপারে কোন আলেমের দ্বিমত নেই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তী বছরে জন্মগ্রহণ করেছেন। আর এ কথার ওপরেও বিখ্যাত সমস্ত আলেম একমত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবারে জন্মগ্রহণ করেছেন। (তারিখে ইবনে কাসীর-দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নং-৩৬১)

আবরাহা যে বছরে ধ্বংস প্রাপ্ত হয়েছিল সে বছরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আগমন করেছিলেন। এ কথা উল্লেখ করে ডাং ভ্যারহোভেন লিখেছেন,

‘Muhammad was born about 570 A.D. in the year of the elephant, so called because of that animal’s terrifying appearance in the army of the Abyssinian whose attack on Mecca in that year failed. (Islam; Dr. F. R. J. Verhoeven; P-20)

আবু কাতাদাহ রাদিয়াল্লাহ তা’য়ালা আনহু বর্ণনা করেছেন, গ্রামের একজন লোক আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহর রাসুল! সোমবার সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন,

“সোমবার হলো সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার ওপর প্রথম ওহী অবতীর্ণ হয়েছে।” (মুসলিম শরীফ)

👈পূর্বের পোষ্ট 𝕋 পরের পোষ্ট 👉